আনলিমিটেড গুগল স্টোরেজ স্ক্যাম

May 17, 2025 | রিভিউ | 0 comments

বাংলাদেশ থেকে অনলাইনে যেকোন কিছু কেনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কার্ড না থাকা। ইন্টারন্যাশনাল কার্ড পেতে গেলে আবার পাসপোর্ট লাগে, তাতে এন্ডোর্স্মেন্ট লাগে ইত্যাদি। বেশিরভাগ মানুষ এত ঝামেলায় যেতে চান না। এই সমস্যা সমাধানে তাই ছোট বড় অনেক ব্যবসায়ী গড়ে উঠেছে ফেইসবুক কেন্দ্র করে। এরা একটা পেইজ খোলে। সেখানে কিছু লাইক সংগ্রহ করে, দুই-চারটা পোষ্ট দেয় এবং কমদামে অনলাইনের বিভিন্ন সার্ভিস সেল করার বিজ্ঞাপন দেয়। এদের বেশিরভাগই আসলে ফ্রড।

ধরুন কেউ একজন আপনাকে নেটফ্লিক্সের মান্থলি পেমেন্টের একাউন্ট মাত্র ১৫০ টাকায় সেল করার অফার দিচ্ছে। আপনি বিকাশে টাকা দেবেন সে আপনাকে লগিন ডিটেইলস দেবে। আপনি আসলে প্রতারিত হচ্ছেন। নেটফ্লিক্সের কোন রিসেলার সিস্টেম নেই যে তারা মূল দামের থেকে কমে আপনাকে এই সার্ভিস বিক্রি করতে পারবে।

যেটা হয়, এরা একটা একাউন্ট কেনে আর সেখানে চার-পাঁচ জনকে ইউজার হিসেবে যোগ করায়। মানে আপনারা একটা শেয়ার্ড একাউন্ট ব্যবহার করছেন। এটা অনেক ক্ষেত্রে কাজ করলেও বেশিরভাগ সময়েই একাউন্ট ব্যান হয়ে যায় একমাসের আগেই।

আর বর্তমানে আমি ফেইসবুক ভর্তি দেখছি গুগলের স্টোরেজ কমদামে বিক্রি করার বিজ্ঞাপন। এই সেলাররা যেটা করছে, গুগলের প্রথম মাসের ট্রায়াল একাউন্ট / স্টুডেন্ট ট্রায়াল নিচ্ছে একটা নতুন জিমেইল আর ফেইক কার্ড দিয়ে। আপনাকে সেল করছে 2TB, YouTube Premium, Gemini Advance ইত্যাদি, একমাস, ছয়মাস বা লাইফটাইম বলে। আদতে লাইফ টাইম গুগলের কোন সার্ভিস নেই। গুগল মাসিক এবং বাৎসরিক প্লানে তার সার্ভিস সেল করে।

এদের কাছ থেকে লাইফটাইম মাত্র ৯৫০ টাকা দিয়ে জিনিস কিনেছেন মানে ধরা খেয়েছেন। একমাসের আগেই আপনার সার্ভিস ব্লক হয়ে যেতে পারে। যদি টেস্ট করার জন্য কেনেন তবে নিজেই একটা কার্ড ব্যবহার করে একমাসের ট্রায়াল কিনতে পারেন। ট্রায়াল শেষ হবার আগে সাবস্ক্রিপশন বন্ধ করে দেবেন। চাইলে RedotPay এর কার্ড ব্যবহার করে কিনতে পারেন।

আনলিমিটেড গুগল স্টোরেজ স্ক্যাম 1

এরা ম্যাস লেভেলে সবার কাছ থেকে ১০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নিচ্ছে। যেহেতু টাকার পরিমান কম আর অনলাইনে এর প্রতিকার পাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ লোক কিছু বলেন না। পেইজের বিরুদ্ধে বেশি অভিযোগ এলে এরা পেইজ বন্ধ করে দিয়ে আরেকটা নতুন পেইজ খোলে। সেখানেও একই ধরনের স্ক্যাম চলে।

চিন্তা করে দেখুন, যদি ১০০০ জনকেও ২০০ টাকা করে স্ক্যাম করা যায় তবে মোট= ২০০,০০০ টাকা এদের পকেটে ঢুকছে। সংখ্যাটা আমি কমিয়ে বললাম। কিন্তু আমি অনুমান করতে পারি এটা আরো অনেক বেশি। সার্ভিসের দাম অনুযায়ী দেখবেন এরা sponsored পোস্ট দিয়েও এই কাজ করছে।

ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে এইরকম ফ্রড করাটা অপরাধ হলেও ফেইসবুক ম্যাট্রিক্স এটা ধরতে পারছে না। আমাদের দেশের আইন অনুযায়ীও এটা অপরাধ। কিন্তু অভিযোগের সংখ্যা কম বা একজনের টাকার পরিমান এত অল্প যে কেউ বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আপনি হয়ত ভাবছেন ১৫০ টাকার জন্য এত কষ্ট করে অভিযোগ দিয়ে বা চিল্লাফাল্লা করে লাভ কি?

সব সেলারই কি খারাপ?

না, কিছু সেলার আদতে ভাল আছেন। তারা শেয়ার্ড একাউণ্ট বলেই বিক্রি করেন এবং তাদের দাম সবসময় আপনি আনুপাতিক হারে অন্যদের থেকে বেশি দেখতে পাবেন।

কোন সার্ভিস কেনার আগে তাই মূল দাম দেখে নিন। নিজের বিচার-বুদ্ধিতে বিবেচনা করুন সে এটা সেল করে আদতে লাভ করতে পারবে কিনা? যদি মনে হয় পারবে না, তবে ধরে নিন ৯৯% সম্ভাবনা আছে সে স্ক্যাম করবে।

জেনে রাখুন, গুগলের লাইফটাইম সার্ভিস বলে কিছু নেই, ক্যানভার লাইফটাইম ভ্যালিডিটি নেই, হোস্টিং - ডোমেইন, ভিপিএন এবং বেশিরভাগ অনলাইন সার্ভিস লাইফটাইম হয় না। লাইফটাইম হলে কোম্পানি লাটে উঠবে বা দাম এত বেশি হবে যেটা আপনি-আমি কিনতে পারব না।

ফেইসবুকে বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না।

নোটঃ আমি অনেকগুলে পেইজের নাম উল্লেখ করতে পারতাম, কিন্তু এরা কিছুদিন পর পর পেইজ ডিলিট করে দেয়। তাই ডাটাবেইজ রাখা সম্ভব নয়।


আমার রেটিংঃ ১/৫

0 Comments

আপনার মতামত দিনঃ

Share This